ইন্দোনেশিয়ায় উত্তোলন বাড়ার কারণে ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তের পথে হাঁটছে নিকেলের বৈশ্বিক বাজার। পাশাপাশি স্টেইনলেস ইস্পাত উৎপাদন খাতে ধাতুটির চাহিদা বাড়ছে। বিষয়টিও উদ্বৃত্তে সহায়তা করছে। ইন্টারন্যাশনাল নিকেল স্টাডি গ্রুপের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গ্রুপটির দেয়া তথ্য বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে দ্বীপরাষ্ট্রটিতে নিকেল উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেড়েছে। এটি বৈশ্বিক উত্তোলন বৃদ্ধিতে সহায়তা করেছে। জানুয়ারি-জুলাই পর্যন্ত সাত মাসে বৈশ্বিক নিকেল উত্তোলন ১৪ শতাংশ বেড়েছে।

ইন্দোনেশিয়া এ সময় পর্যন্ত যে পরিমাণ নিকেল সরবরাহ করেছে তা বৈশ্বিক উত্তোলনের প্রায় ৪৭ শতাংশ। অথচ গত বছরের একই সময় বৈশ্বিক উত্তোলনে দেশটি ৩৮ শতাংশ অবদান রেখেছিল। গত বছর বৈশ্বিক সরবরাহে প্রায় ১ লাখ ৪৬ হাজার টনের ঘাটতি ছিল। বর্তমানে সরবরাহ ব্যবহার বা চাহিদাকে ছাড়িয়ে যাচ্ছে। উদ্বৃত্তের পরিমাণ দাঁড়াচ্ছে ২৯ হাজার টনে।