এ চুক্তির আওতায় মিতসুইয়ের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড এসিআই লজিস্টিকসকে বৈদেশিক মুদ্রায় একটি নির্ধারিত রূপান্তরযোগ্য ঋণ সুবিধা দেবে।
এ উপলক্ষে গতকাল রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এসিআই পিএলসির চেয়ারম্যান এম আনিস উদ দৌলা ও ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা এবং এসিআই লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। অন্যদিকে মিতসুই অ্যান্ড কোম্পানির (এশিয়া প্যাসিফিক) পক্ষে ছিলেন কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কজুহাইডে নাকাজো।
অনুষ্ঠানে এসিআই লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘চুক্তিটি মূলত সিঙ্গাপুরভিত্তিক একটি কোম্পানির মাধ্যমে রূপান্তরযোগ্য ঋণের আকারে হচ্ছে। তবে এর মূল লক্ষ্য শুধু ঋণ নয়; গত তিন বছরে প্রতিষ্ঠানটির সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর হয়েছে এবং তাদের টেকনিক্যাল দক্ষতা ও সোর্সিং ক্ষমতা আমাদের সমৃদ্ধ করেছে।’
তিনি আরো বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এ অংশীদারত্বের ফলে বাংলাদেশের সাধারণ মানুষ, কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা আরো বেশি উপকৃত হবেন। আশা করছি, এ চুক্তির ফলে তিন-পাঁচ বছরের মধ্যে স্বপ্নের পারফরম্যান্স ও গ্রাহকসেবায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।’
অনুষ্ঠানে এসিআইয়ের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মনির হোসেইন খান বলেন, ‘আমরা মূলত এখানে মূলধন ও কারিগরি সহায়তার ওপর জোর দিচ্ছি। এটি একটি রূপান্তরযোগ্য ঋণ, যা অনেকটা ইকুইটি বা সরাসরি বিদেশী বিনিয়োগের মতো কাজ করবে। সাধারণ ঋণের তুলনায় এর সুদের হার অনেক কম, যা আমাদের লজিস্টিকস আধুনিকায়ন, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিতে সহায়তা করবে।’
অনুষ্ঠানে জানানো হয়, এ চুক্তির মাধ্যমে মিতসুই তাদের বৈশ্বিক সোর্সিং দক্ষতা ও কারিগরি জ্ঞান ব্যবহার করে স্বপ্নের কৌশলগত লক্ষ্য অর্জনে সহায়তা করবে। স্বপ্নের পরিচালনা শ্রেষ্ঠত্ব, গভর্ন্যান্স, সাপ্লাই চেইন অপটিমাইজেশন ও সাসটেইনেবিলিটিতে ভবিষ্যতে মিতসুই স্বপ্নের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।
উল্লেখ্য, মিতসুই অ্যান্ড কোম্পানি জাপানের অন্যতম বহুজাতিক প্রতিষ্ঠান, যারা বিশ্বের ৬০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে সারা বাংলাদেশে বর্তমানে ৮৩৫টিরও বেশি আউটলেট রয়েছে রিটেইল চেইন ‘স্বপ্ন’র।










