এবার বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাণ শিল্পে নতুন দিগন্ত সৃষ্টি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা জেনারেল মোটরস। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে ক্যাডিলাক সেলেস্টিক মডেলের গাড়ি তৈরি হচ্ছে। অবশেষে সোমবার তার মোড়ক উন্মোচন হলো।

সিএনবিসির খবর অনুসারে, অতি বিলাসবহুল, শূন্য কার্বন নিঃসরণকারী এ মডেলের গাড়িগুলো রোলস রয়েস ও বেন্টলিকে টেক্কা দিতে সক্ষম। জেনারেল মোটরসের পরিকল্পনা হলো ২০৩৫ সালের মধ্যে কেবল বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা। সে অনুযায়ীই এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ডেলিভারি ফি ছাড়া ক্যাডিলাক সেলেস্টিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩ লাখ ডলার। প্রতিটি গাড়ি গ্রাহকের চাহিদা অনুযায়ীই তৈরি করা হবে। তাই এ ব্র্যান্ডের গাড়ি বছরে খুবই সীমিত পরিমাণে উৎপাদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

নতুন এ গাড়ির নকশা অত্যন্ত আধুনিক মডেলের। গাড়ির বাইরের অংশটি রাঙানো থাকবে সান্তোরিনি ব্লু রঙে, এ রঙের কাজটিও করা হবে নিখুঁত হাতে। এতে রয়েছে পাঁচটি স্ক্রিন। এর মধ্যে প্রধানটি হলো ড্যাশবোর্ডের ৫৫ ইঞ্চির স্ক্রিন। একটি কাচের পর্দার মধ্যে লুকানো পদ্ধতিতে থাকবে দুটি স্ক্রিন। এর একটি চালক অভিমুখী, অন্যটি সামনের আসনের যাত্রী অভিমুখী। সামনের সিটের পেছনের অংশে রয়েছে ১২ দশমিক ৬ ইঞ্চির স্ক্রিন।

গাড়ির ভেতরে রয়েছে সহনশীল আলোর ব্যবস্থা, উচ্চমানের চামড়া আবৃত সিট এবং কাচের ছাদ। একটি সুইচের চাপেই সেই কাচ আবার রঙিন বর্ণ ধারণ করতে পারে। এছাড়া গাড়িপ্রেমীরা পছন্দ করেন এমন সব ধরনের আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। ১১১ কিলোওয়াটের ব্যাটারি দিয়ে এক চার্জে গাড়িটি অন্তত ৩০০ মাইল পাড়ি দিতে পারবে।