সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদ। আজ মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়।
নিরীক্ষিত আর্থিক প্রতিদেন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে বিএসসির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৫ কোটি ৮১ লাখ টাকা। আগের হিসাব বছরে মুনাফা ছিল ৭২ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৫৩ কোটি ৩৭ লাখ টাকা বা ২১৩ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে আজকের পর্ষদ সভায় কোম্পানিটির চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে বিএসসির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬০ কোটি ৬৯ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬ কোটি ৬৬ কোটি ২৫ লাখ টাকা।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭২ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬০ টাকা ২৮ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৬ টাকা ৩ পয়সা।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বাংলাদেশ শিপিং করপোরেশন। তার আগের হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। এর আগে ২০১৮ ও ২০১৭ হিসাব বছরের জন্য যথাক্রমে ৬ শতাংশ ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।










