ক্রেডিট এনহান্সমেন্ট স্কিমের আওতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মধ্যে একটি ক্রেডিট গ্যারান্টি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরী এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্ব প্রান্তিক অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তাদের আনুষ্ঠানিক আর্থিক সেবায় প্রবেশ সহজ করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে পিকেএসএফের এমডি মো. ফজলুল কাদের বলেন, ‘এ উদ্যোগ প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আনুষ্ঠানিক ঋণ প্রাপ্তি সহজ করবে এবং ব্যবসা সম্প্রসারণে নতুন সুযোগ সৃষ্টি করবে।’
অন্যদিকে ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আহসান জামান চৌধুরী দাবি করেন, এ চুক্তির মাধ্যমে প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে, যা অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় ২০২৫ সালের মে মাসে চালু করা হয় দেশের প্রথম কাঠামোবদ্ধ ক্রেডিট এনহান্সমেন্ট স্কিম। এর মূল লক্ষ্য আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি কমানো এবং প্রান্তিক পর্যায়ে উৎপাদনশীলতা, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা। —বিজ্ঞপ্তি










