জুলাইয়ের শেষ নাগাদ মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়ে আট মাসের সর্বোচ্চে উঠেছে। উৎপাদন পরিস্থিতির উন্নতি এবং ঊর্ধ্বমুখী আমদানির কারণে মজুদ বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক। জুলাইয়ে দেশটিতে পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৯০ হাজার টনে।

গত বছরের নভেম্বরের পর দেশটির পাম অয়েল উৎপাদন সর্বোচ্চ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি।

এদিকে রফতানি বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। জুলাইয়ে দেশটি সব মিলিয়ে ১২ লাখ ২০ হাজার টন পাম অয়েল রফতানি করে। তবে পণ্যটির আমদানিতে বড় উল্লম্ফন দেখা দিয়েছে। জুলাইয়ে মালয়েশিয়া ৮০ হাজার টন পাম অয়েল আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। 

মালয়েশিয়ার রফতানিকারকরা জানান, ইন্দোনেশিয়া পাম অয়েল রফতানিতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ায় মালয়েশিয়ার সঙ্গে দেশটির প্রতিযোগিতা বেড়ে যায়। কিন্তু স্থানীয় বাজারে সরবরাহ সংক্রান্ত নীতিমালায় জটিলতার কারণে দেশটি এখনো রফতানি বাজারে ঘুরে দাঁড়াতে পারেনি। এ কারণে জুলাইয়েও মালয়েশিয়ার রফতানি ঊর্ধ্বমুখী ছিল।