পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এ বছরের ২৫ মে থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী দুলামিয়া কটনের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৫০ টাকা ১০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে ৭৩ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে। অন্যদিকে এ বছরের ৮ জুন থেকে ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও ক্রমেই বাড়ছে। গত রোববার কোম্পানিটির শেয়ার লেনদেন ছিল ৯৮ হাজার ৫৩৬টি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৬ পয়সা। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ পয়সা, আগের বছর একই সময়ে এ লোকসান ছিল ১৩ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট লোকসান দাঁড়িয়েছে ৩৮ টাকা ৭ পয়সা।










