পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর গতকাল প্রায় ৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে কোম্পানিটি। 

তথ্য অনুসারে, গতকাল লেনদেনের শুরুতে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫৯ টাকা ৮০ পয়সা, দিনশেষে যা কমে দাঁড়িয়েছে ৫৬ টাকা ৫০ পয়সায়। সে হিসাবে দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩ টাকা ৩০ পয়সা বা ৫ দশমিক ৫২ শতাংশ। গতকাল কোম্পানিটির মোট ১ লাখ ২ হাজার ১০৬টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৫৯ লাখ ৫০ হাজার টাকা। 

কোম্পানিটির পর্ষদ সম্প্রতি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। যদিও এ হিসাব বছরের জন্য লভ্যাংশ আগেই নির্ধারণ করার বিধান ছিল। তবে আলোচ্য হিসাব বছরের প্রকৃত মূল্যায়ন প্রতিবেদন নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় এক্ষেত্রে পরে সিদ্ধান্ত নেয়ার কথা জানায় কোম্পানিটি। সে অনুসারে এ লভ্যাংশ নির্ধারণ করেছে কোম্পানিটির পর্ষদ। 

ঘোষিত এ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৯ মে দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ এপ্রিল। 

এদিকে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ কিংবা আলোচ্য হিসাব বছরের জন্য এখনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটি। এ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর শেষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৭১৩ কোটি টাকায়, আগের বছরের একই সময়ে যা ছিল ৭২৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বীমা তহবিল কমেছে প্রায় ১৩ কোটি টাকা।