দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিসে আজ ঊর্ধ্বমূখী প্রবণতা দেখা গেছে। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। পাশাপাশি এ সময় পর্যন্ত এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দর বেড়েছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকে পয়েন্ট যোগ হতে থাকে। বেলা ১১টা পর্যন্ত আগের দিনের চেয়ে সূচকটি ৪০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত প্রায় ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৭১ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৫টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২৩৪টির বা ৬৪ দশমিক ১১ শতাংশ, কমেছে ৭৪টির বা ২০ দশমিক ২৭ শতাংশ, আর অপরবর্তিত রয়েছে ৫৭টি বা ১৫ দশমিক ৬২ শতাংশ সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ২০৮ কোটি ৮৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।










