যুক্তরাষ্ট্রে উৎপাদক মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। সেপ্টেম্বরে গত বছরের একই সময়ে তুলনায় এ মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে। টানা তিন মাস এটি কিছুটা ধীর হলেও এখনো রেকর্ড উচ্চতায় রয়ে গিয়েছে। সম্প্রতি দেশটির শ্রম বিভাগের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এপি।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রতিবেদনে বলা হয়, মাসভিত্তিক উৎপাদক মূল্যস্ফীতি দুই মাস সংকোচনের পর গত মাসে আগস্টের তুলনায় দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ বাড়ার হার অর্থনীতিবিদদের প্রত্যাশার চেয়ে বেশি ছিল। হোটেল কক্ষের ব্যয় বৃদ্ধিসহ অন্যান্য পরিষেবার উচ্চমূল্য এ মূল্যস্ফীতি বাড়িয়ে তুলেছে। এদিকে গত জুলাইয়ে কিছুটা কমলেও খাদ্যপণ্যের ব্যয় আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বেড়েছে। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে তাজা এবং শুকনো সবজির মূল্য ১৬ শতাংশ বেড়েছে।

মাসভিত্তিক উৎপাদক মূল্যস্ফীতি প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়ার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে, মার্কিন অর্থনীতি এখনো মূল্যস্ফীতির চাপের মধ্যে রয়েছে। আগামী নভেম্বরে ফেডারেল রিজার্ভের বৈঠকে আবারো দ্রুত সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে।

গত মাসে দেশটির গ্যাসের উৎপাদন মূল্য কমলেও আগামী মাসগুলোয় এটি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ জ্বালানি রফতানিকারক দেশগুলোর পরিকল্পিত উৎপাদন কমানোর জন্য জ্বালানির মূল্য আবারো বৃদ্ধি পাচ্ছে। মুদি পণ্যসামগ্রীর বিল এক দশকের মধ্যে দ্রুতগতিতে বেড়েছে এবং গ্যাস পাম্পগুলোয় আবারো গ্যাসের মূল্য বাড়ছে। ফলে ভোক্তাদের বাজেটে চাপ সৃষ্টি হচ্ছে।

বাজারে অস্থিরতার মধ্যে থাকা খাদ্য ও জ্বালানির মূল্য বাদ দিয়ে হিসাব করা কোর মূল্যস্ফীতি আগস্টের তুলনায় সেপ্টেম্বরে দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা তৃতীয় মাসের মতো এ মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী রয়েছে। গত মাসে বছরওয়ারি হিসাবেও কোর মূল্যস্ফীতি ৭ দশমিক ২ শতাংশ বেড়েছে। গত মার্চে সামগ্রিক উৎপাদক মূল্যস্ফীতি সর্বোচ্চ ১১ দশমিক ৭ শতাংশে পৌঁছেছিল।

সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবা, বাসস্থান ও শিপিংসহ পরিষেবা মূল্য দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি। নার্সিং হোমের ব্যয় দশমিক ৭ শতাংশ বেড়ে স্বাস্থ্য খাতের ব্যয় বেড়েছে।