দক্ষিণ কোরিয়ায় কফি শপের সংখ্যা গত চার বছরে দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২২ শেষে দেশটিতে কফি শপের সংখ্যা প্রায় এক লাখ ছুঁই ছুঁই। কোরিয়া এগ্রো-ফিশারিজ অ্যান্ড ফুড ট্রেড করপোরেশন সোমবার জানায়, গত বছর শেষে দক্ষিণ কোরিয়া কফি ও পানীয় পাওয়া যায়- এমন শপের সংখ্যা ৯৯ হাজার ছাড়িয়েছে। ২০২১ সালের তুলনায় কফি শপ বেড়েছে ১৭ দশমিক ৪ শতাংশ।

সোমবার প্রকাশিত সরকারি উপাত্তের বরাতে বার্তা সংস্থা ইয়োনহাপ এজেন্সি জানায়, ২০২২ সালের প্রথম ১১ মাসে ১১৯ কোটি ডলারের কফি আমদানি করেছে দক্ষিণ কোরিয়া। গত বছরের একই সময়ের চেয়ে দেশটির কফি আমদানি বেড়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার কফি আমদানি ১০০ কোটি ডলার ছাড়িয়েছে বলে জানায় দেশটির শুল্ক বিভাগ। পরিমাণের দিক থেকে গত বছর ১ লাখ ৮৭ হাজার ৭৯০ টন কফি আমদানি করেছে দক্ষিণ কোরিয়া। এর আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল ১ লাখ ৭১ হাজার ৯৯০ টন।

২০১৮ সালের পর থেকেই দক্ষিণ কোরিয়ার কফি আমদানি বাড়তে শুরু করে। এশিয়ার চতুর্থ বৃহৎ অর্থনীতিতে কফির জনপ্রিয়তায় ভর করে নতুন নতুন অনেক কফি শপ চালু হয়েছে। গত চার বছরে দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৫০ হাজার কফি শপ চালু হয়েছে। ২০১৮ সালের তুলনায় কফি শপ বেড়েছে ১০২ দশমিক ১ শতাংশ। পশ্চিমা কিংবা জাপানি রেস্টুরেন্ট বৃদ্ধির হার থেকেও যা বেশি।