শ্রমিকদের জন্য গার্মেন্টস মালিকরা যে ন্যূনতম বেতন প্রস্তাব করেছে তা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকালে বিজয় নগরে শ্রম ভবনের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বেগম মন্নুজান সুফিয়ান বলেন, নতুন বেতন কাঠামোতে শ্রমিকদের জন্য ১০ হাজার ৩৯৯ টাকার যে প্রস্তাব মালিকরা করেছেন তা অযৌক্তিক। ৭ নভেম্বর নতুন বেতন কাঠামো নিয়ে মজুরি বোর্ডের নতুন সভা হবে। সেখানে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হবে।
তিনি বলেন, বর্তমান বাজারে একজন শ্রমিক দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে এমন একটি বেতন কাঠামো করতে হবে। সেটা না হলে শ্রমিকরা সন্তুষ্ট হবে না। তাই বিষয়টি নিয়ে আরো আলোচনার প্রয়োজন রয়েছে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, বেতন কাঠামোর বিষয়ে আজ পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ৭ নভেম্বর মজুরি বোর্ডের বৈঠক রয়েছে। সেখানে আশা করি চূড়ান্ত হতে পারে। যদি না হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়া হবে। আশা করি শেষ ভরসাস্থল প্রধানমন্ত্রী মালিক-শ্রমিকদের ডেকে একটি সিদ্ধান্ত দেবেন।
তিনি বলেন, এর আগেও যে কয়কটি মজুরি বোর্ড হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছিল। এবারও হয়তো তার হস্তক্ষেপে একটি যৌক্তিক পর্যায়ে যেতে পারব।
শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেয়া হবে বলেও জানান তিনি।
সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেন, ‘শ্রমিকদের বেতন বাড়বে এটা তো সবাই বলছে। শ্রমিকদের দাবি, ২০ হাজার ৩৯৯ টাকা এবং মালিকরা বলছে, ১০ হাজার ৩৯৯ টাকা। আমরা মনে করি কোনো পক্ষের দাবি যৌক্তিক না। বাস্তবতার সঙ্গে মিল রেখে একটি গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাতে হবে। তাই দুই পক্ষের মাঝামাঝি এমন একটি বেতন কাঠামোর প্রস্তাব করব যেখানে শ্রমিকরাও বাঁচে, শিল্পও বাঁচে। তাই বিষয়টি যেন গ্রহণযোগ্য পর্যায়ে হয় সেই চেষ্টা সরকারের পক্ষে থেকে থাকবে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারা।










