পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের কর পরবর্তী নিট মুনাফা চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এর আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশের বেশি কমেছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে জিবিবি পাওয়ারের পরিচালনা পর্ষদ। এ প্রতিবেদন থেকে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ি, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮ কোটি ৮৪ লাখ টাকা। যেখানে এর আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১১ কোটি ৬৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২ কোটি ৮০ লাখ টাকা বা ২৪ দশমিক শূন্য ৮ শতাংশ।
চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ২৭ পয়সা বা ২৩ দশমিক ৬৮ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ৫৮ পয়সা।










