ফ্রান্সের গম রফতানিতে মন্দার আশঙ্কা করা হচ্ছে। ২০২০-২১ মৌসুমে দেশটি থেকে সফট হুইট রফতানি আগের মৌসুমের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এগ্রিটেল। মূলত প্রতিকূল আবহাওয়ার জের ধরে উৎপাদন সীমিত হয়ে আসার কারণে ২০২০-২১ মৌসুমে ফ্রান্স থেকে কৃষিপণ্যটির রফতানি কমার সম্ভাবনা দেখা দিয়েছে। খবর রয়টার্স ও এগ্রিমানি।

প্রতিষ্ঠানটির পূর্বাভাসে বলা হয়েছে, ২০২০-২১ মৌসুমে ফ্রান্স থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ৩০ লাখ টন সফট হুইট রফতানি হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম। ২০১৯-২০ মৌসুমে ফ্রান্স থেকে আন্তর্জাতিক বাজারে মোট ২ কোটি ৯ লাখ টন সফট হুইট রফতানি হয়েছে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমতে পারে ৭৯ লাখ টন।

২০২০-২১ মৌসুমে ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর বাইরে সব মিলিয়ে ৬৩ লাখ টন গম রফতানি করতে পারে ফ্রান্স। ২০১৯-২০ মৌসুমে ইইউর বাইরের দেশগুলোয় ফ্রান্স থেকে মোট ১ কোটি ৩৫ লাখ টন গম রফতানি হয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ফ্রান্স থেকে ইইউ জোটের বাইরের দেশগুলোয় কৃষিপণ্যটির রফতানি ৭২ লাখ টন কমতে পারে।

ফ্রান্সের গমের অন্যতম রফতানি গন্তব্য আলজেরিয়া ও চীন। ২০২০-২১ মৌসুমে দেশটি থেকে আলজেরিয়ায় সব মিলিয়ে ৫৬ লাখ টন গম রফতানির পূর্বাভাস দিয়েছে এগ্রিটেল। ২০১৯-২০ মৌসুমে ফ্রান্স থেকে আলজেরিয়ায় সব মিলিয়ে ২৬ লাখ টন গম রফতানি হয়েছিল। এদিকে ২০২০-২১ মৌসুমে ফ্রান্স থেকে চীনের বাজারে সব মিলিয়ে ১১ লাখ ৫০ হাজার টন গম রফতানির সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি।

আগাম বৃষ্টির কারণে এবার ফ্রান্সে গমের আবাদ ব্যাহত হয়েছে। ২০২০-২১ মৌসুমে দেশটিতে সব মিলিয়ে ২ কোটি ৯২ লাখ ২০ হাজার টন গম উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এগ্রিটেল। ২০১৯-২০ মৌসুমে ফ্রান্সে সব মিলিয়ে ৩ কোটি ৯৫ লাখ টন গম উৎপাদন হয়েছে।