গত বছর বেশির ভাগ খাদ্যপণ্যেরই দাম বেড়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর খাদ্যপণ্য সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে দামে প্রভাব পড়েছে। গত বছর রেকর্ড সর্বোচ্চে ছিল জাতিসংঘের খাদ্য সংস্থার গড় মূল্য সূচক। খবর রয়টার্স।

খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) শুক্রবার প্রকাশিত খাদ্য মূল্য সূচকে দেখা গেছে, ২০২২ সালে বৈশ্বিক খাদ্য মূল্যসূচক ছিল ১৪৩ দশমিক ৭ পয়েন্ট। ২০২১ সালের চেয়ে যা ১৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ১৯৯০ সালে এ উপাত্ত রাখা শুরুর পর এটা সর্বোচ্চ।

করোনার ধাক্কা থেকে ঘুরে দাঁড়ানোর বছর ২০২১ সালে বৈশ্বিক খাদ্য মূল্য সূচক পূর্ববর্তী বছরের চেয়ে ২৮ শতাংশ বেড়েছিল। গত ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর কৃষ্ণসাগরীয় বন্দরগুলোয় অস্থিরতা দেখা দেয়। এতে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করে।

এফএও জানায়, গত ডিসেম্বরে বৈশ্বিক খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে ১৩২ দশমিক ৪ পয়েন্ট। গত নভেম্বরে যেখানে ছিল ১৩৫ পয়েন্ট। এ নিয়ে টানা নয় মাস কমেছে বেঞ্চমার্ক সূচকটি। ভোজ্যতেলের আন্তর্জাতিক দামে পতন এবং খাদ্যশস্য ও মাংসের দামে আংশিক পতন এতে ভূমিকা রেখেছে। তবে চিনি ও দুগ্ধপণ্যের দাম কিছুটা বেড়েছে।

সার্বিকভাবে ২০২২ সালে পাঁচটি খাদ্য উপসূচকের চারটিই—খাদ্যশস্য, মাংস, দুগ্ধপণ্য ও ভোজ্যতেলের রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে। চিনির সূচক ছিল ১০ বছরের সর্বোচ্চে।