আমদানি হওয়া উন্নত ও আধুনিক টাইলসের বাজার ধরতে বড় বিনিয়োগের উদ্যোগ নিয়েছে এ খাতের বৃহৎ কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। উন্নতমানের টাইলস উৎপাদন করতে ৯৯২ কোটি টাকা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি।
সিরামিক কারখানা স্থাপন করতে গাজীপুরে ৩৩ দশমিক ৯১ একর জমি কিনছে আরএকে সিরামিকস। জমি কিনতে কোম্পানিটি নিবন্ধন ও অন্যান্য খরচ বাদ দিয়ে ব্যয় করবে ৬২ কোটি ৭৩ লাখ টাকা। নতুন কারখানাটি উৎপাদনে এলে বছরে আরএকে সিরামিকসের উৎপাদন সক্ষমতা দাঁড়াবে ১ কোটি ৫৫ লাখ বর্গমিটার টাইলস। এতে নতুন করে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করছেন কোম্পানি-সংশ্লিষ্টরা।
নতুন বিনিয়োগের বিষয়ে জানাতে গতকাল রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরএকে সিরামিকসের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সাধন কুমার দে বলেন,
বিশ্বের বিভিন্ন দেশে আমরা বহু আগে থেকে টাইলস রফতানি করে আসছি। ইউরোপের বাজারে যে মানের টাইলস রফতানি করা হয়, ঠিক একই টাইলস আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে বিপণন করছি। ২ হাজার ৭০০ ধরনের সিরামিকস ও ৪৩ ধরনের স্যানিটারি টাইলস উৎপাদন করছে আরএকে। টাইলসের মান ও ধরন আরো আধুনিক ও উন্নত করতে নতুন করে হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ আনা হবে ইউরোপের বিভিন্ন দেশ থেকে। আমাদের উৎপাদিত টাইলস দেশের সব শ্রেণীর মানুষের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা হবে।










