ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় সুদ আয় বাড়লেও কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ৬৬ শতাংশের বেশি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এনবিএফআইটির পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ইউনাইটেড ফাইন্যান্সের সুদ আয় হয়েছে ১০২ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০০ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির সুদ আয় বেড়েছে ১ কোটি ৮৯ লাখ টাকা বা ১ দশমিক ৮৮ শতাংশ। তবে আলোচ্য সময়ে আগের হিসাব বছরের একই সময়ে তুলনায় আমানতের বিপরীতে কোম্পানির সুদ পরিশোধ করতে হয়েছে ৯ কোটি ১৭ লাখ টাকা বা ১৬ দশমিক ১৮ শতাংশ বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির আমানতকারীদের সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ৬৫ কোটি ৮৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যেখানে এ সুদ পরিশোধ করতে হয়েছিল ৫৬ কোটি ৬৬ লাখ টাকা। 

চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ২ কোটি ৭ লাখ টাকা বা ৬৬ দশমিক ৪৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬১ পয়সায়।