দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) সম্প্রতি ঢাকার একটি হোটেলে ‘কটন ইকোসিস্টেম: বাংলাদেশের পোশাক ভ্যালু চেইন সমৃদ্ধকরণ’ শীর্ষক গোলটেবিল আলোচনা আয়োজন করে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান।
আলোচনায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের শীর্ষ তুলা সরবরাহকারী প্রতিষ্ঠান, বৈশ্বিক ক্রেতা, দেশের শীর্ষ পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), লজিস্টিকস সহযোগী ও শিল্পসংস্থা যেমন—বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এছাড়া কটন কাউন্সিল ইন্টারন্যাশনাল (সিসিআই) ও যুক্তরাষ্ট্রের ছয়টি তুলা রপ্তানিকারক প্রতিষ্ঠান—কার্গিল, এলডিসি, ওলাম, ইকম, স্ট্যাপল কটন কোঅপারেটিভও এ আলোচনায় অংশগ্রহণ করে।
আলোচনায় অংশগ্রহণকারীরা তুলা বাণিজ্যের বর্তমান গতিশীলতা, সাপ্লাই চেইনের স্থিতিশীলতা ও সম্ভাবনামূলক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। ক্যারোলিনাস কটন গ্রোয়ার্স কোওপারেটিভের ওয়েইন বোসম্যান ও কার্গিল কটনের ক্রিস্টা রিকম্যান বৈশ্বিক ও মার্কিন তুলা বাজারের সামগ্রিক চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ও বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমাদের পোশাক শিল্পের ধারাবাহিক উন্নয়নের জন্য তুলা সোর্সিং ইকোসিস্টেমকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজিএমইএ দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সম্ভাবনাসমূহ কাজে লাগানো যায়।
কার্গিল কটনের সিনিয়র ডিরেক্টর ক্রিস্টা রিকম্যান বলেন, বৈশ্বিক তুলা সরবরাহ ও চাহিদা নিয়ে আলোচনা থেকে বাজারের চ্যালেঞ্জের পাশাপাশি গুণগত মান, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের সম্ভাবনাগুলো উঠে এসেছে।
এতে বাংলাদেশের পোশাক শিল্পকে আরও শক্তিশালী করে তুলতে তুলা বাণিজ্য ও ভ্যালু চেইনের উন্নয়নে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণের দিকগুলো নিয়ে পর্যালোচনা করা হয়। -বিজ্ঞপ্তি










