পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারদর ও লেনদেন সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে এ বৃদ্ধির পেছনে তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠির জবাবে জানিয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ১৯ মার্চের পর থেকেই ডিএসইতে ঊর্ধ্বমুখী রয়েছে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর। এদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৪২ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৫৬ টাকা ২০ পয়সায়। এ সময়ে মাত্র চার কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ টাকা ৯০ পয়সা বা ৩২ দশমিক ৮৬ শতাংশ। আলোচ্য সময়ের মধ্যে গতকাল কোম্পানিটির শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিন মোট ৫ লাখ ১১ হাজার ২৭০টি শেয়ার হাতবদল হয়েছে। 

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) লিগ্যাসি ফুটওয়্যারের কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ১ কোটি ৪ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১৪ লাখ টাকা।