গতকাল ‘ড্রাইভিং ইনোভেশন, অ্যাডভান্সিং ইনক্লুশন অ্যান্ড ক্রিয়েটিং ইমপ্যাক্ট’ প্রতিপাদ্যে প্রকাশিত ব্যাংকটির ‘ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’-এ এ তথ্য উঠে এসেছে।
ব্র্যাক ব্যাংকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনে পিপল, প্ল্যানেট ও প্রসপারিটি—এ তিন ক্ষেত্রে ব্যাংকের টেকসই কার্যক্রম, অগ্রগতি ও প্রভাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি কৌশল, অর্থায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণে এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) বিষয়গুলো কীভাবে সম্পৃক্ত হচ্ছে, তাও তুলে ধরা হয়। পাশাপাশি টেকসই অর্থায়ন, জলবায়ু কার্যক্রম, আর্থিক অন্তর্ভুক্তি, সামাজিক প্রভাব, ডিজিটাল উদ্ভাবন, দায়িত্বশীল ব্যাংকিং ও সুশাসনে অগ্রগতির চিত্র রয়েছে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুসরণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে ইন্টারন্যাশনাল সাসটেইনেবিলিটি স্ট্যান্ডার্ডস বোর্ডের (আইএসএসবি) আইএফআরএস এস-১ ও এস-২, গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের (জিআরআই) স্ট্যান্ডার্ড এবং পিসিএএফ গ্লোবাল জিএইচজি অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়েছে। পিসিএএফ মেথডোলজি অনুসরণ করে ব্যাংকটি অর্থায়নজনিত গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের পরিমাণও প্রকাশ করেছে, যা পিসিএএফ কর্তৃক অনুমোদিত ও তাদের প্লাটফর্মে প্রকাশিত।
প্রতিবেদনে বাংলাদেশের প্রথম ১ হাজার কোটি টাকার সোশ্যাল বন্ড ইস্যুর বিষয়টিকেও ব্যাংকটির গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের (আইসিএমএ) ‘সোশ্যাল বন্ড প্রিন্সিপলস ২০২৫’-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এ বন্ডের অর্থ সিএমএসএমই, নারী নেতৃত্বাধীন ব্যবসা, কৃষি, সাশ্রয়ী আবাসন ও অত্যাবশ্যকীয় সেবাসহ অগ্রাধিকারমূলক সামাজিক খাতে অর্থায়নে ব্যবহার করা হবে। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে সামাজিক প্রভাবভিত্তিক বিনিয়োগের সুযোগও সম্প্রসারিত হবে।
এছাড়া স্বল্প-কার্বন ও জলবায়ুসংশ্লিষ্ট প্রযুক্তিতে প্রায় ৫ হাজার ৪৫ কোটি টাকা অর্থায়ন করেছে ব্র্যাক ব্যাংক। পাশাপাশি ১৩৫ মেগাওয়াট সক্ষমতার দুটি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা দিয়েছে ব্যাংকটি। প্রকল্প দুটি বছরে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ এড়াতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।
টেকসই ব্যাংকিংয়ে স্বীকৃতির বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে। ৩ দশমিক ৯৪ ইএসজি স্কোর নিয়ে ব্লুমবার্গের মূল্যায়নে বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে ব্র্যাক ব্যাংক। পাশাপাশি টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ ব্যাংকের শীর্ষ টেকসই ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে ব্যাংকটি।
এ প্রতিবেদন প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘অর্থায়ন কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি ভ্যালু সৃষ্টির প্রতিটি ক্ষেত্রেই টেকসইতার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়। আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, জলবায়ু সহনশীলতা জোরদার এবং উদ্ভাবনের মাধ্যমে মানুষ, অর্থনীতি ও পরিবেশের জন্য পরিমাপযোগ্য ইমপ্যাক্ট তৈরির মাধ্যমে বাংলাদেশে দায়িত্বশীল ব্যাংকিংয়ের মান আরো উন্নত করাই আমাদের লক্ষ্য।’









