কভিড-১৯ বিধিনিষেধ শিথিল করায় ভ্রমণ চাহিদা বেড়েছে দক্ষিণ কোরিয়ার বৃহৎ বাজেট ক্যারিয়ার জেজু এয়ারের। ফলে আড়াই বছর পর পুনরায় দেশটির ইনচিওন থেকে জাপানের নাগোয়া রুটে ফ্লাইট চালু করল উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। সপ্তাহে এ রুটে সাতটি ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছে জেজু এয়ার। খবর কোরিয়া টাইমস।

এক বিবৃতিতে উড়োজাহাজ পরিবহন সংস্থাটি জানায়, ২০২০ সালের শুরুর দিকে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়লে ওই বছরের মার্চেই ইনচিওন-নাগোয়া রুটের ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দেয় জেজু এয়ার।

তবে পুনরায় এ রুটে ফ্লাইট চালুর পাশাপাশি আগামী মাস থেকে জাপানের অন্য রুট টোকিও, ফুকোওকো, ওসাকা, সাপপোরো ও ওকিনায়ায় ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে ইনচিওন থেকে চীনের ওয়েহাই ও হারবিন শহরে এবং ফিলিপাইনের সেবু ও ক্লার্ক শহরের মধ্যে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

জাপান গত ১০ জুন থেকে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলে দেয়। এরপর থেকে দেশটিতে ভ্রমণের চাহিদা বাড়ছে। চলতি বছরের জুলাইয়ে ইনচিওন-সাইপানে এবং গত বছরের নভেম্বরে গুয়ামে পুনরায় ফ্লাইট চালু করেছিল জেজু এয়ার।

উড়োজাহাজ পরিবহন সংস্থাটি মহামারীর আগে ছয়টি অভ্যন্তরীণ রুটসহ ৮৭টি রুটে ৪৫টি বি৭থ্রি৭-৮০০এনজি চার্টার্ড উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করত। তবে বর্তমানে সংস্থাটির বহরে থাকা উড়োজাহাজের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৯টিতে।

আগামী বছর ভ্রমণ চাহিদা আরো বেশি পুনরুদ্ধারের মাধ্যমে লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে জেজু এয়ার।