জুনে আর্জেন্টিনার ভোক্তা মূল্যস্ফীতি ছিল বার্ষিক ২৭১ দশমিক ৫ শতাংশ, যা আগের মাসের চেয়ে কিছুটা কম। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস অ্যান্ড সেনসাস (আইএনডিইসি) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।
গত মে মাসে বার্ষিক ২৭৬ দশমিক ৪ শতাংশ ছিল মূল্যস্ফীতি। এছাড়া এপ্রিলে তিন দশকের বেশি সময়ের মধ্যে উচ্চ মূল্যস্ফীতি রেকর্ড করা হয় ২৮৯ দশমিক ৪ শতাংশ। ওই দুই মাসের তুলনায় জুনে কিছুটা মন্থর হয়ে এসেছে মূল্যস্ফীতি।
আইএনডিইসির পরিসংখ্যান অনুসারে, জুনে গ্রাহক মূল্য সূচক (সিপিআই) আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬ বেড়েছে, যা টানা পাঁচ মাস ধীরগতির পর প্রথমবার উচ্চ গতিকে নির্দেশ করে।
এর আগে ডিসেম্বরে মাসিক মূল্যস্ফীতি ছিল ২৫ দশমিক ৫ শতাংশ, জানুয়ারিতে ২০ দশমিক ৬, ফেব্রুয়ারিতে ১৩ দশমিক ২, মার্চে ১১, এপ্রিলে ৮ দশমিক ৮ ও মে মাসে ছিল ৪ দশমিক ২ শতাংশ।
দক্ষিণ আমেরিকার দেশটি এপ্রিলে ছয় মাসের মধ্যে প্রথমবার একক অংকের মাসিক মূল্যস্ফীতি দেখেছে।
আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক ১৪ মে সুদহার ৫০ থেকে ৪০ শতাংশে নামিয়ে আনে। গত ডিসেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেন জাভিয়ের মিলেই। এর পর থেকে সুদহার ষষ্ঠবারের মতো কমল।










