ছোট আকারের বা কম ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজের মাধ্যমে কার্যক্রম শুরু করতে যাচ্ছে সৌদি আরবের নতুন এয়ারলাইনস প্রতিষ্ঠান আরআইএ। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

২০২২ সালের শেষ নাগাদ সৌদিয়া এয়ারলাইনসের পাশাপাশি জাতীয় পরিবহন খাতের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এমিরেটস ও কাতার এয়ারওয়েজের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে আরআইএ অন্যতম আন্তর্জাতিক এয়ারলাইনস প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

সূত্রের তথ্যানুযায়ী, প্রাথমিক পর্যায়ের কার্যক্রম আরো সীমিত হবে। কেননা বড় আশা থাকলেও একদিনেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব নয়। আকাশপথে কার্যক্রম পরিচালনার জন্য যে ট্রাফিক অনুমতি প্রয়োজন সেটি কঠিন হলেও এয়ারলাইনস পরিচালনায় উড়োজাহাজ গুরুত্বপূর্ণ। আর এটি নিশ্চিত করা সময়সাপেক্ষ। পাশাপাশি কর্মী নিয়োগ, নেটওয়ার্ক, অবকাঠামো তৈরিও জরুরি।