সর্বশেষ কয়েক মাসের গতিপ্রকৃতি অনুসারে শক্তিশালী অবস্থানে ফিরেছে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার। গত জানুয়ারিতে বড়সংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে দেশটির অর্থনীতিতে, যা পূর্বাভাসের প্রায় দ্বিগুণ। যদিও একই সময়ে ব্যাপক কাটছাঁটের মধ্য দিয়ে গেছে বড় কোম্পানিগুলো। তবে নতুন কর্মসংস্থানকে দেশটির শক্তিশালী শ্রমবাজার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর সিএনবিসি।

মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো গত সপ্তাহের শেষের দিকে এক প্রতিবেদনে জানিয়েছে, জানুয়ারিতে দেশটির ননফার্ম কর্মসংস্থান ৩ লাখ ৫৩ হাজার বেড়েছে। এটি ডাউ জোন্সের পূর্বাভাসকৃত ১ লাখ ৮৫ হাজারের দ্বিগুণ। এতে বেকারত্বের হার কমে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে, যদিও পূর্বাভাস ছিল ৩ দশমিক ৮ শতাংশ।

কর্মসংস্থান বৃদ্ধি ও বেকারত্ব হ্রাসের পাশাপাশি মজুরিও বেড়েছে মার্কিন শ্রমবাজারে। মাসিক ভিত্তিতে ঘণ্টায় গড়ে মজুরির অর্থ বেড়েছে দশমিক ৬ শতাংশ। মজুরি বৃদ্ধির এ হারও বিশ্লেষকদের পূর্বাভাসের দ্বিগুণ।

এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে মজুরি বেড়েছে ৪ দশমিক ৫ শতাংশ। পূর্বাভাস ছিল ৪ দশমিক ১ শতাংশ। সে হিসাবে বছরওয়ারি মজুরি বৃদ্ধির পরিমাণ দশমিক ৪ শতাংশ। কাজের গড় সময় কমে আসার বিষয়টি মজুরি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

জানুয়ারিতে মার্কিন শ্রমবাজারে চাকরি বৃদ্ধির প্রধান খাত ছিল প্রফেশনাল অ্যান্ড বিজনেস সার্ভিস। এ খাতে মোট কর্মসংস্থানের পরিমাণ ৭৪ হাজার। এছাড়া অন্য যেসব খাত কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখেছে—স্বাস্থ্যসেবা ৭০ হাজার, রিটেইল ট্রেড ৪৫ হাজার, সরকারি ৩৬ হাজার, সামাজিক সহায়তা ৩০ হাজার ও উৎপাদন খাত ২৩ হাজার।

কর্মসংস্থানকেন্দ্রিক গবেষণা সংস্থা গ্লাসডোরের প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল ঝাওয়ের মতে, ২০২৪ সালে মার্কিন শ্রমবাজারের শুরুটা ভালো হয়েছে। তিনি বলেন, ‘‌ভিন্ন খাতে চাকরির সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে, এটিও ভালো লক্ষণ। তবে বিদ্যমান প্রতিবেদনে তিনটি খাত—স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সরকারি খাতে চাকরি ঘনীভূত ছিল দেখে কিছুটা উদ্বিগ্ন হয়েছিলাম। খাতগুলোয় চাকরির সুযোগ তৈরি হয়েছে দেখে ভালো লাগছে। তবে মনে রাখতে হবে শুধু স্বাস্থ্য খাত শ্রমবাজারকে এগিয়ে নিতে যথেষ্ট হবে, এর কোনো গ্যারান্টি নেই।’

প্রতিবেদনে আরো ইঙ্গিত দেয়া হয়েছে ডিসেম্বরের চাকরি পাওয়ার হারও পূর্বাভাসের চেয়ে বেশি ছিল। ওই মাসে ৩ লাখ ৩৩ হাজার মানুষ শ্রমবাজারে যোগ দিয়েছিল, যা প্রাথমিক পূর্বাভাস থেকে ১ লাখ ১৭ হাজার বেশি। এর আগের মাস নভেম্বরেও কর্মসংস্থান পূর্বাভাসের তুলনায় বেড়েছিল। ওই মাসে পূর্বাভাসের চেয়ে নয় হাজার বেশি লোক চাকরির বাজারে প্রবেশ করে। 

বিশ্লেষকরা বলছেন, প্রতিবেদনটি মার্কিন অর্থনীতির স্থিতিশীলতা প্রদর্শন করছে। তবে ফেডারেল রিজার্ভ কত দ্রুত সুদহার কমাতে পারবে তার ওপর অনেক কিছু নির্ভর করছে।