তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। একই সঙ্গে সভা থেকে এনবিএফআইটির চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) ও দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৯ টাকা ৩১ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৩৪ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পাটির শেয়ারপ্রতি নিট দাঁয় দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৮ পয়সায়। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ফার্স্ট ফাইন্যান্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৪৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ৪ টাকা ৩১ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ১৪ টাকা ৩২ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যেখানে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৪ টাকা ৩১ পয়সা।  লোকসানের কারণে ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। 

এর আগে ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে লোকসানের কারণে ২০১৮ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি তারা। একই কারণে ২০১৭, ২০১৬, ২০১৫ হিসাব বছরেও কোনো লভ্যাংশ পাননি এনবিএফআইটির শেয়ারহোল্ডাররা।