গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের ১৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটির শেয়ার এক্সচেঞ্জটির লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন কোম্পানিটির শেয়ার আগের দিনের তুলনায় কিছুটা দর হারিয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল ডিএসইতে ফু-ওয়াং ফুডসের ৪১ লাখ ৮৪ হাজার ১১৩টি শেয়ার ৩ হাজার ৭১৯ বার হাতবদল হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ৭০ পয়সা থেকে ৩৫ টাকার মধ্যে ওঠানামা করেছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির প্রায় ১৪১ কোটি টাকা মূল্যমানের শেয়ার লেনদেন হয়েছিল।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ফু-ওয়াং ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৭০ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরে যেখানে ইপিএস ছিল ৫ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩ টাকা ১৮ পয়সায়। এর আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৮৫ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।










