আমদানি পর্যায়ে পেঁয়াজের ওপর প্রযোজ্য কাস্টমস ও রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
ভোক্তাদের সহনীয় মূল্যে পেঁয়াজ সরবরাহ করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার অর্থাৎ মোট করভার ১০ শতাংশই প্রত্যাহার করা হয়েছে। এর ফলে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে কোনো প্রকার শুল্ক-কর আরোপযোগ্য রইল না। এতে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়ে বাজারে পেঁয়াজ সরবরাহ বৃদ্ধি পাবে এবং পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড।









