খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের ৪ কোটি ৫৩ লাখ ৩ হাজার ৭৯৯টি শেয়ার গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬২ কোটি ৮২ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৫ শতাংশ নিজেদের দখলে নিয়ে কোম্পানিটি এক্সচেঞ্জটির শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ফু-ওয়াং ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১১ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৭০ পয়সায়।










