জ্বালানি তেল উত্তোলনে প্রথমবারের মতো রেকর্ড গড়ল ব্রাজিল। গত নভেম্বরে দেশটিতে প্রথমবারের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ৩০ লাখ ব্যারেল ছাড়িয়েছে। এছাড়া এ মাসে গ্যাস ও জ্বালানি তেল মিলে গড়ে দেশটির দৈনিক উত্তোলন দাঁড়িয়েছে ৩৯ লাখ ৫০ হাজার ব্যারেলে। দেশটির ন্যাশনাল এজেন্সি অব পেট্রোলিয়াম (এএনপি) ও ন্যাচারাল গ্যাস অ্যান্ড বায়োফুয়েলসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর অয়েলপ্রাইস ডটকম ও এএনবিএ।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে ব্রাজিলে সব মিলিয়ে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল ৩০ লাখ ৯০ হাজার ব্যারেল। এর আগে গত আগস্টে সবচেয়ে বেশি উত্তোলন ছিল দেশটির। এ মাসে দেশটির দৈনিক উত্তোলন ছিল ২৯ লাখ ৮৯ হাজার ব্যারেল।

এএনপির তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে জ্বালানি তেলের উত্তোলন বেড়েছে ৪ দশমিক ৩ শতাংশ। আর গত বছরের নভেম্বরের তুলনায় এ মাসে উত্তোলন বেড়েছে ২০ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে গত নভেম্বরে ব্রাজিলে প্রাকৃতিক গ্যাসের দৈনিক উত্তোলন ছিল ১৩ কোটি ৭০ হাজার ঘনমিটার, যা চলতি বছরের অক্টোবরের তুলনায় নভেম্বরে ৩ দশমিক ৮ শতাংশ বেশি। আর গত বছরের নভেম্বরের তুলনায় ২১ দশমিক ৬ শতাংশ বেশি।

এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের উদ্ধৃতি দিয়ে এএনপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে নতুন আটটি ক্ষেত্র থেকে উত্তোলন বৃদ্ধির ফলে এ মাসে জ্বালানি তেলের মোট উত্তোলনে বড় প্রবৃদ্ধি এসেছে। নতুন এসব ক্ষেত্র অক্টোবর ও নভেম্বরে দেশটির দৈনিক উত্তোলন এক লাখ ব্যারেল বাড়িয়ে দিয়েছে। আর বার্ষিক হিসাবে, এসব ক্ষেত্র দেশটির উত্তোলন ২০ শতাংশের বাড়িয়েছে।

একক দেশ হিসেবে দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের উত্তোলন বাড়িয়ে চলেছে ব্রাজিল।

এরই ধারাবাহিকতায় উত্তোলন আরো বাড়াতে উপকূলীয় অনেকগুলো কূপ খননের প্রকল্প হাতে নিয়েছে দেশটি। আর দেশটির জ্বালানি তেল উত্তোলন বাড়াতে সবচেয়ে বেশি সহায়ক হিসেবে কাজ করেছে ভারী লবণস্তরবিশিষ্ট উপকূলের কেন্দ্রগুলো। নভেম্বরে দেশটিতে উত্তোলিত জ্বালানি তেলের দুই-তৃতীয়াংশ বা ২০ লাখ ৬১ হাজার ব্যারেল এসেছে এসব কেন্দ্র থেকে।