পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ সালের জন্য ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছিল। ঘোষিত এ মুনাফা ইউনিটধারীদের কাছে পাঠানো হয়েছে। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এআইবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ৯ দশমিক ২৮ শতাংশ হারে বার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। এছাড়া সমাপ্ত ২০২২ সালের জন্য ৭ দশমিক ৮৭ শতাংশ হারে বার্ষিক কুপন রেট ঘোষণা করা হয়েছিল।
উল্লেখ্য, আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল, ফ্লোটিং রেট ও মুদারাবা পারপেচুয়াল বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। এর মধ্যে ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। এর কুপন হার ৬-১০ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীর অনুকূলে ইস্যু করা হয়েছে। ব্যাংকের এডিশনাল টায়ার ও মূলধনের ভিত্তি শক্তিশালী করার জন্য বন্ডটি ইস্যু করা হয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ছিল ৫ কোটি টাকা এবং পাবলিক অফারের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ন্যূনতম সাবস্ক্রিপশন ছিল ৫ হাজার টাকা। গত এক বছরে বন্ডটির ইউনিটদর ৪ হাজার ৮৯৫ টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে ওঠানামা করেছে।










