লেবাননে উচ্চমূল্যস্ফীতির ধারা অব্যাহত রয়েছে। এপ্রিলে দেশটিতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম গত বছরের একই সময়ের তুলনায় ২০৬ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা ২২ মাসের মতো দেশটিতে তিন অংকের মূল্যস্ফীতি রয়েছে। খবর দ্য ন্যাশনাল।
সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অব স্ট্যাটিসটিকস জানিয়েছে, গত মাসে লেবাননে রেকর্ড হওয়া মূল্যস্ফীতি ১৯৪৩ সালে স্বাধীনতার পর সর্বোচ্চ। সাম্প্রতিক সময়ে দেশটি সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা দেশটিতে পণ্যের দাম প্রতি মাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এপ্রিলে আগের মাসের তুলনায় দাম বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ।
দেশটির তৃতীয় বৃহত্তম ব্যাংক বিবলস একটি নোটে জানিয়েছে, খুচরা মূল্য নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের তদারকির অভাব, লেবানিজ পাউন্ডের বিনিময় হারের অবনতি এবং হাইড্রোকার্বনের ওপর ভর্তুকি তুলে নেয়া সুবিধাবাদী পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতাদের ভোগ্যপণ্যের দাম বাড়াতে উৎসাহিত করেছে। এছাড়া ভর্তুকিযুক্ত আমদানি পণ্যের চোরাচালানের ফলে ঘাটতি দেখা দিয়েছে। এ পরিস্থিতি দাম বাড়াতে অবদান রেখেছে। পাশাপাশি গত গ্রীষ্মে গ্যাসোলিন নিয়ে সক্রিয় কালোবাজারির উত্থান দাম ও মূল্যস্ফীতির ওপর ঊর্ধ্বমুখী চাপ তৈরি করেছে।










