বহুল আকাঙ্ক্ষিত ছিল এ নির্বাচন। অনেক বছর পর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে। নিজের ভোট নিজে দিতে পারার যে আনন্দ এটা মানুষকে এবার আপ্লুত ও আনন্দিত করেছে। মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার যে উচ্ছ্বাস দেখা গেল এ নির্বাচনে তা অভাবনীয়। গণভোটেও মানুষ তার পছন্দমতো কিছুটা বুঝে আবার কিছুটা না বুঝেই ভোট দিয়েছে। সর্বোপরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার নির্বাচন হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনেক বছর পর জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা যাচ্ছে। বাংলাদেশে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পথে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। তার মধ্যে অন্যতম—সর্বক্ষেত্রে দলীয়করণ, বিরোধী দলকে দমন-পীড়ন। এছাড়া প্রহসনের নির্বাচন, দুর্নীতি, আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিশৃঙ্খলা, বিচার বিভাগে হস্তক্ষেপ। সব মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান—সব জায়গায় রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব দেশের গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করেছে চরমভাবে।
নির্বাচনী ফলাফলের পর জয়ী ও পরাজিত, দুদলেরই সুনির্দিষ্ট কিছু দায়িত্ব আছে। জয়ী দলের কাছে এখন অনেক চ্যালেঞ্জ। দীর্ঘদিন পর আমরা একটা গণতান্ত্রিক সরকার পাচ্ছি। ফলে ফ্যাসিবাদী শাসনামলের যাবতীয় ভুল ও ভঙ্গুরতাকে মীমাংসা করে সামনে এগোতে হবে বিজয়ী দলের। সেক্ষেত্রে বিরোধী দলের কাজ হবে জয়ী দলকে সর্বাত্মক সহযোগিতা করা। একটা সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকেই ভেদাভেদ ভুলে এগিয়ে আসতে হবে।
নির্বাচন-পরবর্তী সময়ে অতীতে আমাদের সহিংসতার ইতিহাস আছে। এখন পর্যন্ত সহিংসতার তেমন খবর পাওয়া যায়নি। কোথাও খুনাখুনি হয়নি। এ বিষয়গুলো আমাদের জন্য বেশ ইতিবাচক। আমাদের ইতিহাসের বাঁক বদলে যাচ্ছে। তবে এখনো নিশ্চিত করে বলা যাবে না। সরকার গঠন পর্যন্ত সহিংসতা যেন না হয়, সে ব্যাপারে সবাইকেই সজাগ থাকতে হবে। বিশেষ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেকোনো সহিংসতা শক্তভাবে দমন করতে সচেষ্ট হতে হবে।
বিএনপি জোটের প্রথম সপ্তাহে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তারেক রহমান নিজেই বলেছেন, জয়ী হলে তাকে ‘অনেক বড় চ্যালেঞ্জ’ মোকাবেলা করতে হবে। বিশেষ করে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ তাদের জন্য। এছাড়া দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা নাজুক হয়ে আছে। সে ব্যাপারেও বিএনপিকে বেশ গুরুত্ব দিতে হবে। সর্বোপরি গণ-অভ্যুত্থানের পর প্রথম একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার গঠন হচ্ছে। এটি বিএনপির জন্য যতটা না আনন্দের, তার চেয়েও বেশি চ্যালেঞ্জের।
আরিফুর রহমান নাইম: প্রধান নির্বাহী ও স্বত্বাধিকারী, প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’










