লোহিত সাগরের ইয়েমেন উপকূলে নৌযানের কাছাকাছি ফের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার সাগরের নৌযান চলাচলের রুটে পৃথক দুটি ঘটনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেখা গেছে জানিয়েছে ব্রিটিশ মেরিটাইম কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস অথরিটি এক সতর্কবার্তায় বলেছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূল হোদেইদাহ থেকে ৫০ নটিক্যাল মাইলে একটি নৌযানের ৫ নটিক্যাল মাইলের মধ্যে দুটি বিস্ফোরণের আগে দুটি মনুষ্যবিহীন উড়োজাহাজের উপস্থিতি শনাক্ত হয়েছে।পৃথক ঘটনায় আরেকটি নৌযানের চার নটিক্যাল মাইল দূরত্বের মধ্যে একটি বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র দেখা গেছে। একই নৌযানের আধা নটিক্যাল মাইল দূরে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দুটি বিস্ফোরণের ঘটনা একই নৌযান ঘিরে হয়েছে কি না তা স্পষ্ট নয়। ব্রিটিশ মেরিটাইম কর্তৃপক্ষ নৌযানের নাম উল্লেখ করেনি। উভয় ঘটনায় নৌযান ও ক্রুরা নিরাপদ আছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।