উত্তর ও দক্ষিণ গাজায় মেশিনগান ও অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ছুঁড়ে ইসরায়েলি বাহিনীকে পাল্টা জবাব দিচ্ছে বলে জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। টানা দুই সপ্তাহের বিমানহামলার পর ২৩ লাখ বাসিন্দার এ অঞ্চলে কয়েকদিন ধরে স্থল হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। খবর রয়টার্স।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেন। এরপর একাধিকবার যুদ্ধবিরতির প্রসঙ্গ উঠলেও অভিযান সম্প্রসারণের ঘোষণায় অটল রয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল সোমবার ইসরায়েলি বাহিনী গাজার প্রধান উত্তর-দক্ষিণ সড়ককে লক্ষ্যবস্তু করে। তারা গাজা শহরকে দুই দিক থেকে আক্রমণ করছে।

গাজার নিয়ন্ত্রণকারী হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেড জানিয়েছে়, আজ মঙ্গলবার ভোরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সেনারা সংঘর্ষে জড়িয়েছে। আক্রমণে ব্যবহৃত হচ্ছে মেশিনগান। চারটি গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে স্থানীয়ভাবে উৎপাদিত অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল আল-ইয়াসিন ১০৫ ।

এছাড়া ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর-পশ্চিম গাজায় দুটি ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আল-কাসেম ব্রিগেড।