ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। দুর্যোগের কারণে এখন পর্যন্ত অন্তত চারজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। বিস্তীর্ণ এলাকায় বন্যার কারণে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৫০ হাজার মানুষ। খবর বিবিসির।

গত রাতে সিডনি ও নিউক্যাসলসহ দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাত হয়েছে। এ পরিস্থিতিকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 'তারে' শহর। ওই অঞ্চলে নদীর পানি ইতিহাসে সবচেয়ে বেশি ৬ দশমিক ৩ মিটার পর্যন্ত বেড়েছে।

প্রতিবেদন বলছে, ভারী বৃষ্টি দক্ষিণে সরে গিয়ে সিডনি ও নিউক্যাসলকে প্রভাবিত করছে। আবহাওয়া দপ্তর বিভিন্ন এলাকায় আরো ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এরই মধ্যে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বন্যার কারণে শতাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে। হাজার হাজার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাস্তুচ্যুতদের আশ্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র। বন্যায় ডুবে যাওয়ার আশংকায় রয়েছে আরো ১০ হাজার ঘরবাড়ি।

সরকার এবং জরুরি সেবা মিলে বন্যায় আটকে পড়াদের সাহায্যের চেষ্টা করছে। গত ২৪ ঘণ্টায় ৫০০-এর বেশি মানুষকে উদ্ধার করেছে জরুরি সেবাদানকারী দল।