ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ওয়ানাড় জেলায় ভারি বৃষ্টিতে একাধিক
ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫১- এ পৌঁছেছে। আহত হয়েছে আরো অন্তত ১৮৬ জন।
গত মঙ্গলবার ভোরে ভারি বৃষ্টিপাতের মধ্যে ধারাবাহিক পাহাড় ধসে জেলার
গ্রাম এবং চা বাগানগুলোর ওপর দিয়ে বয়ে গেছে কাদামাটির স্রোত। কয়েকশ মানুষ এখনো
ভূমিধসের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রিয়জনদের খোঁজ পাওয়া যাচ্ছে
না বলে জানিয়েছে বেশ কয়েকটি পরিবার। হতাহতদের বেশিরভাগই চা বাগানের শ্রমিক বলে
জানিয়েছে এপি।
কাদামাটি এবং ধ্বংসাবশেষের মধ্যে প্রায় তিনশ উদ্ধারকারী তাদের কাজ
চালিয়ে যাচ্ছেন। আইজাজ নামের স্থানীয় এক
পুলিশ এক কর্মকর্তা জানান, কেবল মঙ্গলবার দিবাগত রাতেই এক ডজনেরও বেশি মরদেহ
উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারীরা কাদা এবং ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা মানুষদের
উদ্ধারের জন্য কাজ করেছিলেন। তবে রাস্তা বন্ধ এবং মাটি শক্ত না থাকার কারণে তাদের
উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
গত মঙ্গলবার দুপুর ২টায় প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। দুই ঘণ্টা পর ঘটে আরেকটি। ভারতের আবহাওয়া পরিষেবা ওয়ানাড় ও বেশ কয়েকটি জেলায় আরও দুই দিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়ে আটটি জেলায় সতর্কতা জারি করেছে, এর মধ্যে চারটিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
ভূমিধসে
বেশ কিছু বাড়ি ধ্বংস হয়ে গেছে,
বহু গাছ উপড়ে পড়েছে। অন্তত চারটি গ্রাম অন্যান্য এলাকাগুলো থেকে
বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে বহু মানুষ আটকা পড়েছেন।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই ভিজায়ান সাংবাদিকদের বলেন, মেপ্পাদি, মুন্ডাক্কাই এবং চুরামালাসহ বেশ কয়েকটি এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, রাস্তাগুলো ভেসে গেছে। এতে বাড়িগুলোর প্রচুর ক্ষতি হয়েছে। এখনো অনেকে মাটির নিচে চাপা পড়ে আছেন। সম্ভাব্য সব শক্তি ও উপায় নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাবো।










