দেশটিতে নতুন করে ব্র্যান্ডটির রেস্তোরাঁ চালু করতে ‘টাকো বেল ইউকে অ্যান্ড ইউরোপ’-এর সঙ্গে একটি চুক্তি করেছে আমেরিকানা রেস্টুরেন্টস। ইউএই দিয়ে শুরু করে পর্যায়ক্রমে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) অন্যান্য দেশেও এর ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। খবর দ্য ন্যাশনাল।
চুক্তির আওতায় ইউএইতে টাকো বেলের রেস্তোরাঁ চালু ও সম্প্রসারণের একচেটিয়া অধিকার পেয়েছে আমেরিকানা রেস্টুরেন্টস। টাকো বেল ইউকে অ্যান্ড ইউরোপ হলো মার্কিন বহুজাতিক কোম্পানি ইয়াম ব্র্যান্ডসের একটি সহযোগী প্রতিষ্ঠান। তবে ইউএইতে টাকো বেলের প্রথম রেস্তোরাঁ কবে ও কোথায় চালু হবে, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
এর মাধ্যমে মেক্সিকান খাবারভিত্তিক দ্রুত পরিবেশনযোগ্য রেস্তোরাঁ বা কুইক সার্ভিস রেস্টুরেন্ট (কিউএসআর) খাতে প্রবেশ করছে আমেরিকানা। ইয়াম ব্র্যান্ডসের সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন বাজারে এরই মধ্যে কেএফসি ও পিৎজা হাট পরিচালনা করছে আমেরিকানা।
আমেরিকানা রেস্টুরেন্টসের চেয়ারম্যান মোহাম্মদ আলআব্বার বলেন, ‘টাকো বেল এমন একটি ব্র্যান্ড, যা নতুন প্রজন্মের ভোক্তাদের চাহিদার সঙ্গে মানানসই।’
ইউএইতে এটি টাকো বেলের দ্বিতীয় যাত্রা। ২০০৮ সালে প্রথমবার দেশটির বাজারে প্রবেশ করে ব্র্যান্ডটি। তবে চার বছর পর ২০১২ সালে সেখান থেকে ব্যবসা গুটিয়ে নেয়।
টাকো বেল যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মেক্সিকান খাবারভিত্তিক ফাস্টফুড চেইন। উদ্যোক্তা গ্লেন বেল ১৯৬২ সালে ক্যালিফোর্নিয়ার ডাউনি শহরে প্রথম রেস্তোরাঁটি চালু করেন।
টাকো, বুরিটো, কেসাডিলা ও নাচোসের মতো খাবারের পাশাপাশি ক্রাঞ্চর্যাপ সুপ্রিমের মতো পণ্যও ব্র্যান্ডটির মেনুতে রয়েছে।
বর্তমানে বিশ্বজুড়ে টাকো বেলের নয় হাজারের বেশি রেস্তোরাঁ রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে প্রায় ৪০টি বাজারে রয়েছে ১ হাজার ২০০টির বেশি রেস্তোরাঁ।










