রাশিয়ার সামরিক বাহিনীকে মোকাবিলায় প্রথমবারের মত দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসি।

তিনি জানান, ইউক্রেন রাশিয়ার হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একই সঙ্গে ইউক্রেন রাশিয়ার পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে অন্তত নয়টি হেলিকপ্টার ধ্বংস করেছে বলে দাবি তার। তবে মস্কোর এই যুদ্ধযানগুলো ধ্বংসে মার্কিন অস্ত্র ব্যবহৃত হয়েছে কিনা ইউক্রেন তা স্পষ্ট করেনি।

এদিকে বারদিয়ানস্ক এবং লুহানস্ক নামক স্থানে কিয়েভের হামলায় অন্তত কয়েক ডজন রাশিয়ান সৈন্য নিহত হয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। 

জেলেনস্কি তার এক সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তায় জানান, মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো তাদের প্রমাণ করেছে। তবে মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো কখন কোথায় ব্যবহার করেছে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। তবে কিয়েভের এই দাবির ব্যাপারে এখনও মুখ খোলেনি রাশিয়া।

এর আগে বাইডেন প্রশাসন এই দূর-পাল্লার ক্ষেপণাস্ত্রের খবর অস্বীকার করলেও সম্প্রতি এটিএসিএমএস ইউক্রেনের হাতে তুলে দেয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মস্কোকে চমকে দিতেই ওয়াশিংটন এমন সিদ্ধান্ত নিয়েছে।