চাঁদের পৃষ্ঠে প্রাণ থাকতে পারে বলে নতুন করে আশাবাদী মার্কিন মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরুতে তাদের মনোযোগ। বিজ্ঞানীদের ধারণা, সেখানকার পরিবেশ বিশেষ অণুজীব বা প্রাণের জন্য অনুকূল। খবর আরব নিউজ।

এক বিবৃতিতে বিষয়টি নিয়ে বিস্তারিত জানান নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গ্রহ গবেষক প্রবাল সাক্সেনা।

বর্তমানে ওই পরিবেশে কোন ধরনের জীব বেঁচে থাকার জন্য সবচেয়ে উপযুক্ত হতে পারে তা বোঝার চেষ্টা করছে গবেষকরা। চাঁদে অভিযানের সঙ্গে প্রাসঙ্গিক মেরু অঞ্চলের কোন এলাকা প্রাণসহায়ক হতে পারে তা নিয়েও কাজ করছেন বলে জানিয়েছেন প্রবাল।

অবশ্য অন্য সম্ভাবনা বা আশঙ্কা উড়িয়ে দেয়া হচ্ছে না। গত ৫০ বছরে পরিচালিত অভিযানে মানুষের বহন করা জীবাণুও চাঁদে প্রাথমিক প্রভাব রাখতে পারে। বিষয়টি উল্লেখ করেন নাসার জৈব ভূ-রসায়নবিদ হিদার গ্রাহাম।

সাম্প্রতিক সময়ে চাঁদ নিয়ে নতুন করে মেতেছেন প্রযুক্তিতে সক্ষম দেশগুলো। নাসাও পিছিয়ে নেই। আর্টেমিস মিশনের অংশ হিসেবে ২০২৪ সালের নভেম্বরে সূচিত হবে চন্দ্র অভিযান।