গাজাবাসীদের প্রায় সবাই উত্তরের ওয়াদি গাজা এলাকায় বসবাস করে। ওই ১১ লাখ গাজাবাসীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এলাকাটি ছাড়তে বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। জাতিসংঘের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স ও দ্য গার্ডিয়ান জানিয়েছে, ওই ১১ লাখ অধিবাসীকে তাদের আবাসস্থল ছেড়ে ছিটমহলের দক্ষিণাঞ্চলে চলে যেতে বলেছে তারা। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে উদ্ধৃত করে গার্ডিয়ান বলছে, এ আদেশের অর্থ হতে পারে, ইসরায়েল শীঘ্রই ওই এলাকায় একটি স্থল অভিযান শুরু করতে যাচ্ছে।

আজ শুক্রবার (১৩ অকেটাবর) সকালে প্রকাশিত খবরে গার্ডিয়ান জানায়, জাতিসংঘকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ২৪ ঘণ্টার মধ্যে ওই এলাকার অধিবাসীদের সরিয়ে নিতে হবে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেছেন, সংস্থাটি মনে করে কোনো বিধ্বংসী মানবিক পরিস্থিতি তৈরি না করে এ ধরনের স্থানান্তর অসম্ভব। যেকোনো ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা এড়াতে এ ধরনের আদেশের প্রত্যাহার চায় জাতিসংঘ।

ডুজারিক যুক্ত করেন, ইসরায়েলি সেনাবাহিনীর আদেশটি জাতিসংঘের সকল কর্মী, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং ক্লিনিকসহ জাতিসংঘের শিবিরে আশ্রয়প্রাপ্তদের জন্যও প্রযোজ্য।