যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
সঙ্গে বৈঠক হয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্কের। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জুন) নিউইয়র্কে
এ বৈঠক হয়। বৈঠক শেষে ভারতে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার কারখানা হবে
বলে জানান মাস্ক।
মোদির সঙ্গে বৈঠকের পর মাস্ক বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর
সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে। আমি তাকে খুবই পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানাতেও
এসেছিলেন। তাই আমাদের পুরোনো পরিচয় আছে।’
টেসলার ভারতে আসা এবং কারখানা করা প্রসঙ্গে মাস্ক বলেন,
আমি আত্মবিশ্বাসী, টেসলা যত দ্রুত সম্ভব ভারতে আসবে।
নিজেকে মোদির ‘ফ্যান’
হিসাবে দাবি করে ইলোন মাস্ক বলেন, ভারতে সৌরশক্তিতে বিনিয়োগ করতে পারলে খুব ভালো হবে।
আমরা ভারতে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আনার পরিকল্পনা করছি। আমি হয়তো আগামী বছর ভারত
সফরে যাব।
এছাড়া ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে সাক্ষাৎকারে মাস্ক
বলেন, তিনি অবশ্যই ভারতে বিনিয়োগে আগ্রহী। ভারতে কোথায় কারখানা হবে তা তিনি এই বছরের
শেষ দিকে ঠিক করে ফেলতে চান।










