প্রচণ্ড দাবদাহের মধ্যে অস্ট্রেলিয়ার বড় অংশজুড়ে দাবানল শুরুর শঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে দেশটির পশ্চিমাংশে দাবানল ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স। 

গতকাল দেশটির আবহাওয়া পূর্বাভাসে পশ্চিমাঞ্চলীয় রাজ্য, উত্তরাঞ্চল ও পূর্ব কুইন্সল্যান্ড রাজ্যে তাপপ্রবাহের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। কিছু অঞ্চলে তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থে চলতি সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার পূর্বাভাস দেয়া হয়েছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট), যা ডিসেম্বরের গড় থেকে পাঁচ ডিগ্রি বেশি। চলতি মাসে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল এল নিনোর প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। সেখানে জলবায়ুর বিরূপ প্রভাবে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে প্রশান্ত মহাসাগরে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, খরা ও দাবানল তৈরি করছে।

পশ্চিম অস্ট্রেলিয়ায় গতকাল পর্যন্ত ২০টির বেশি দাবানলের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাজ্যের জরুরি পরিষেবা সংস্থা তাদের ওয়েবসাইটে বলেছে, রাজধানী পার্থ থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণের অঞ্চল পেম্বারটনে ভয়াবহ দাবানলের ঘটনাও ঘটেছে।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস বিভাগের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, চলতি সপ্তাহ থেকে দাবানল পরিস্থিতি আরো খারাপ হতে পারে। কেননা রাজধানী পার্থসহ রাজ্যটির অধিকাংশ অংশে গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। সংস্থাটি পশ্চিম অস্ট্রেলিয়ার অনেক অঞ্চলে বড় ধরনের দাবানলের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। এছাড়া গত পাঁচদিন এক হাজারের বেশি দমকল কর্মী দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলেও জানানো হয়।