ভারতে একঘণ্টারও বেশি সময় ধরে উড়োজাহাজের টয়লেটে আটকে ছিলেন এক যাত্রী। পরে উড়োজাহজ অবতরণ করার পর তাকে টয়লেটের ভেতর থেকে উদ্ধার করা হয়।

বিবিসির খবরে বলা হয়, ওই যাত্রী একটি স্পাইসজেট ফ্লাইটে চড়ে মুম্বাই থেকে বেঙ্গালুরু শহরে যাচ্ছিলেন। যাত্রার মোট সময় ছিল ১০৫ মিনিট। যাত্রার মাঝামাঝি সময়ে এসে সেই দরজায় ত্রুটি দেখা দেয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে ফ্লাইটটি বেঙ্গালুরুতে অবতরণের পর তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনার জেরে স্পাইসজেট ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছে। তারা বলে, ‌যাত্রীদের অসুবিধার জন্য তারা দুঃখিত। স্পাইসজেটের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, পুরো যাত্রার সময় আমাদের ক্রু যাত্রীকে সহায়তা ও নির্দেশনা দিয়েছিলেন। অবতরণের পর একজন প্রকৌশলী শৌচাগারের দরজা খুলে দেন এবং যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেন। তারা আরো জানায়, এয়ারলাইনটি ওই যাত্রীর সম্পূর্ণ চিকিৎসা সেবা সহায়তা করবে।

এয়ারলাইনটি ওই যাত্রী সম্পর্কে বিস্তারিত আর কিছু জানায়নি। তবে একটি সংবাদপত্র জানায় লোকটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। বেঙ্গালুরু বিমানবন্দরে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‌সেই ব্যক্তি মুম্বাই থেকে বেঙ্গালুরুতে আসছিলেন। ওই যাত্রায়ই তিনি টয়লেটের ভেতরে আটকা পড়েন।