দক্ষিণ ইতালি উপকূলে একটি মাছ ধরার নৌকায়
থাকা চার শতাধিক অভিবাসন প্রত্যাশীকে এখনো উদ্ধার করা যায়নি। অ্যাকটিভিস্টরা সতর্ক
করার পর এরই মধ্যে দুই দিনেরও বেশি সময় পার হয়ে গেছে। খবর বিবিসি।
ধারণা করা হচ্ছে, লিবিয়ার টোব্রুক থেকে
রওনা হয়েছিল নৌকাটি। গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) ইতালির উপকূলরক্ষীরা তাদের পথ দেখি
নিয়ে আসে।
তবে তাদের এখনো উদ্ধার করে আনা হয়নি। ইতালির
উপকূলরক্ষীরা বলেছেন, বিরূপ সামুদ্রিক পরিস্থিতি উদ্ধারে প্রভাব ফেলছে।
কোস্টগার্ডের সাহায্য নেয়া নৌকাটি অভিবাসী
বহনকারী দুটি নৌযানের একটি। দ্বিতীয়টি প্রায় ৮০০ যাত্রী বহন করছে।
দেশটির কোস্টগার্ড শুক্রবার থেকে অন্যান্য
অভিযানে প্রায় দুই হাজার মানুষকে উদ্ধার করেছে।
জার্মান অলাভজনক রেসকিউশিপ জানিয়েছে,
গত ৮ এপ্রিল রাতে নৌকা ডুবে অন্তত দুজন অভিবাসী মারা গেছে এবং প্রায় ২০ জন নিখোঁজ
হয়েছে।
গতকাল অ্যালার্ম ফোনের মাধ্যমে সিসিলির
উপকূলে আইওনিয়ান সাগরে ৪০০ অভিবাসী বহনকারী নৌকাটির সর্বশেষ অবস্থান চিহ্নিত করা হয়।
ফোনে বলা হয়, ওই নৌকায় চিকিৎসা জরুরি অবস্থা বিরাজ করছে। পানি উঠছে ও জ্বালানি শেষ
হয়ে গেছে।
গত ৯ এপ্রিল মাল্টার জলসীমায় থাকা নৌকাটি
ইতালি, গ্রীস ও মাল্টার সাহায্য চায়।
জার্মান বেসরকারি সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনাল
বলেছে, নৌকাটির কাছাকাছি থাকা দুটি বাণিজ্যিক জাহাজকে উদ্ধার অভিযানে সাহায্য না করার
নির্দেশ দেয় মাল্টা কর্তৃপক্ষ। তবে জাহাজগুলোর একটিকে জ্বালানি ও পানি সরবরাহের অনুমতি
দেয়া হয়েছিল।
এরপর নৌকাটি ইতালীয় জলসীমায় চলে যায়
ও গতকাল সিরাকিউস উপকূলের কাছে পৌঁছে। অন্যদিকে ৮০০ যাত্রীর উপচে পড়া ভিড় নিয়ে অপর
জাহাজটি কোথায় আছে তা নিশ্চিত নয়।
ডানপন্থী জোট সরকারের কঠোর প্রচেষ্টা সত্ত্বেও
গত বছরের একই সময়ের তুলনায় ইতালিতে অভিবাসী প্রবেশ বেড়ে গেছে।
পর্যবেক্ষণ গ্রুপ আইওএম মিসিং মাইগ্রেন্টস
প্রজেক্ট অনুসারে, ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২৬ হাজারের বেশি লোক মারা
গেছে বা নিখোঁজ হয়েছে।










