রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি লন্ডন সফর করেছেন। তবে এ সফরে গিয়ে ভ্রমণ খরচের বিতর্কের মুখে পড়েন পাপুয়া নিউগিনির (পিএনজি) পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন তাকাচেনকো। সম্প্রতি রাজ্যাভিষেক অনুষ্ঠানসংক্রান্ত ভ্রমণের খরচ বিতর্কে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। খবর রয়টার্স।

পিএনজির সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন তাকাচেনকো জানিয়েছেন, লন্ডনে রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে দেশটির প্রতিনিধি দলের খরচ ও অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে বিতর্কের মধ্যে তিনি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রী জেমস ম্যারাপের সঙ্গে পরামর্শ করার পর তিনি পদ থেকে সরে গেছেন। তিনি অবশ্য সংসদে থাকবেন।

তাকাচেনকো বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই, সাম্প্রতিক ঘটনা ভবিষ্যতে বিশ্বনেতাদের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক সফর এবং শীর্ষ সম্মেলনকে প্রভাবিত করবে না। আমি এর মাধ্যমে বিষয়টির সত্যতা স্পষ্ট করতে চাই। এছাড়া ভুল তথ্য ও মিথ্যাচার সংশোধন করতে চাই।’

প্রতিবেদন বলছে, লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজ্যাভিষেক অনুষ্ঠানে ৩০ জনের একটি বড় প্রতিনিধি দল ও তাদের ভ্রমণের খরচ নিয়ে পিএনজির গণমাধ্যম ও অন‌লাইন সাইটগুলোয় ব্যাপক সমালোচনা হয়। অনেকের মতে, এ সফরের ব্যয় করা অর্থ দেশটির হাসপাতালে ব্যয় করা উচিত ছিল। সফরে প্রতিজন প্রতিনিধিকে হোটেল ও ফ্লাইট ভাড়া বাবদ দিতে ৫০ হাজার কিনা বা ১৪ হাজার ডলার দেয়া হয়েছিল।

২২ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঐতিহাসিক সফরে পিএনজিতে যাচ্ছেন। এ সময়ে মার্কিন প্রেসিডেন্ট খুব সম্ভবত পিএনজির সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করবে। তাকাচেনকোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জেমস ম্যারাপ।