শুধু যে সম্পর্কে ছেদ তাই নয়, ট্রাম্প সতর্ক করেছেন, মাস্ক যদি রিপাবলিকানদের বিপক্ষে লড়তে ডেমোক্র্যাট প্রার্থীদের তহবিল দিয়ে সাহায্য করেন, তাহলে তার পরিণতি খুব খারাপ হবে।
তবে কী ধরনের পরিণতির কথা তিনি বলছেন, সে বিষয়ে এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তেমন কিছু বলেননি ট্রাম্প।
ট্রাম্পের এই মন্তব্যগুলো ছিল এ সপ্তাহের শুরুর দিকে এক্স ও ট্রুথ সোশ্যালে ইলোন মাস্কের সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধের পর তার সবচেয়ে বিস্তারিত প্রতিক্রিয়া। এ সময় তিনি বলেন, মাস্কের সঙ্গে বিরোধ দেখা দেয়ার পর রিপাবলিকান দল আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হয়ে উঠেছে বলে তিনি মনে করেন।
ইলোন মাস্ক প্রেসিডেন্টের পদের প্রতি অসম্মান দেখিয়েছেন মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘ইলোন মাস্কের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই। আমি অন্য কাজে ব্যস্ত। তাছাড়া তার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছাও নেই।’
বৃহস্পতিবার ইলোন মাস্ক এক্সে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে একের পর এক আক্রমণাত্মক পোস্ট দেন। এর মধ্যে একটি পোস্টে ট্রাম্প ও প্রয়াত যৌন কেলেঙ্কারির জন্য অভিযুক্ত জেফরি এপস্টেইনের অতীত সম্পর্কের কথা তুলে ধরা হয়েছিল। যদিও পোস্টটি পরে সরিয়ে ফেলা হয়।
ওই অভিযোগের জবাবে ট্রাম্প বলেন, ওটা পুরনো খবর, অনেক আগের কথা। এ নিয়ে বহু বছর ধরেই আলোচনা চলছে। এমনকি এপস্টেইনের আইনজীবীও বলেছেন, আমার এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না।’










