অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘর থেকে দিনের আলোয় হাতুড়ি দিয়ে কাচের প্রদর্শনী বাক্স ভেঙে ৪০ লাখ ডলারের বেশি দামের হীরাখচিত একটি হার চুরি হয়েছে। বৃহস্পতিবারের এ ঘটনায় দুজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসের (ম্যাক) গয়না প্রদর্শনীতে দর্শনার্থী সেজে প্রবেশ করেছিলেন ওই দুজন। তারা প্লাটিনামের হারটি নিয়ে পালান বলে জানিয়েছে অস্ট্রীয় পুলিশ। ৬৭৩টি হীরা বসানো হারটি একসময় মিসরের রানি নাজলির মালিকানায় ছিল।
সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন দুই ব্যক্তির ছবি পাওয়া গেছে এবং তা প্রকাশ করেছে পুলিশ। তারা জাদুঘরের পাশের একটি পার্কের দিকে হেঁটে পালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় কেউ আহত হয়নি, তবে এক সন্দেহভাজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে পুলিশ মনে করছে।
ডগ ইউনিটসহ ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ । চুরি যাওয়া নিদর্শনটি ইন্টারপোলের চুরি হওয়া শিল্পকর্মের তথ্যভাণ্ডারেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফরাসি গয়না নির্মাতা ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের কাছ থেকে ধার নিয়ে হারটি প্রদর্শনীতে রাখা হয়েছিল। প্রতিষ্ঠানটি ১৯৩০-এর দশকে রানি নাজলির জন্য এটি তৈরি করে। ১৯৩৯ সালে তাঁর মেয়ে ফাওজিয়ার বিয়ের জন্য মিলিয়ে একটি টিয়ারাও বানানো হয়েছিল।
হারটিতে মোট ২০০ ক্যারেটের বেশি ওজনের হীরা রয়েছে। এর কেন্দ্রে ছয় ক্যারেটের একটি হীরা, চারপাশে ব্যাগেট আকৃতির হীরার সারি এবং সূর্যকিরণের নকশায় সাজানো কয়েক শ ছোট রত্ন রয়েছে। ২০১৫ সালে সোথেবির নিলামে হারটি প্রায় ৪৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
চুরির পর প্রদর্শনীটি সাময়িকভাবে বন্ধ রাখা হলেও পরে আবার খুলে দেয়া হয়। ক্ষতিগ্রস্ত কাচের বাক্সটি নীল প্যানেল দিয়ে ঢেকে রাখা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রদর্শনী এলাকায় এখন ধাতব বস্তু শনাক্তকারী যন্ত্রও বসানো হয়েছে।










