ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত গাজায় বিদ্যুৎ, পানি ও জ্বালানি সরবরাহ করবে না গাজা উপত্যকা। কোনো কিছুতেই ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী কোনো মানবিক যুদ্ধবিরতিতে না যাওয়া ঘোষণাও দিয়েছে। আন্তর্জাতিক রেড ক্রসের পক্ষ থেকে গাজার হাসপাতালগুলোর ‘মর্গে পরিণত’ হওয়া এড়াতে জ্বালানি সরবরাহের আহ্বান জানানোর পর ইসরায়েলি জ্বালানিমন্ত্রী এ কথা বলেছেন। খবর রয়টার্স।

এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল রেড ক্রসের আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিজিও কার্বোনি বলেছেন, হাসপাতালগুলোর ডিজেলচালিত জেনারেটর কয়েক ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে। সহিংসতা বৃদ্ধির ফলে ফলে সৃষ্ট মানবিক দুর্দশা পীড়াদায়ক। আমি বেসামরিক নাগরিকদের দুর্ভোগ কমানোর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে অনুরোধ করছি।

রেড ক্রসের বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজা বিদ্যুৎবিচ্ছিন্ন হওয়ার কারণে হাসপাতালেও বিদ্যুৎ নেই। এতে ইনকিউবেটরে জন্ম নেয়া নবজাতক ও অক্সিজেনে থাকা বয়স্ক রোগীরা ঝুঁকিতে পড়ছেন। তাছাড়া কিডনি ডায়ালাইসিস ও এক্সরে নেয়া যায় না। বিদ্যুৎ না থাকলে হাসপাতালগুলো মর্গে পরিণত হওয়ার ঝুঁকি থাকে।

রেড ক্রসের এমন আহ্বানের পর ইসরায়েলি জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাৎজ এক্স-এ বলেন, জিম্মিদের মুক্তি দেয়া ছাড়া কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তিনি আরো বলেছেন, গাজায় মানবিক সহযোগিতা? যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলি জিম্মিরা বাড়িতে ফিরবে ততক্ষণ কোনও বিদ্যুতের সুইচ চালু করা হবে না, কোনো পানির পাম্প চালু হবে না, কোনো জ্বালানির ট্রাক প্রবেশ করবে না। মানবতার জন্য মানবতা।