টাইটানিকের কাছেই একটি ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে এটিই নিখোঁজ ডুবোজাহাজ টাইটানের ধ্বংসাবশেষ। মার্কিন কোস্টগার্ডের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।
ডুবোজাহাজের যাত্রীদের অবস্থা সম্পর্কে কিছুই জানায়নি তারা। আশা করা হচ্ছে, খুব শিগগিরই ঘটনাস্থলের বিস্তারিত জানাতে পারবেন উদ্ধারকারীরা।
উল্লেখ্য, গত রোববার সকাল ৮টার দিকে পানিতে ডুব দেয় টাইটান। আট ঘণ্টা পর ফিরে আসার কথা থাকলেও মাত্র পৌনে দুই ঘণ্টার মাথায় স্টেশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর থেকেই শুরু হয়েছে উদ্ধার অভিযান। তবে সময় যতই গড়াচ্ছে পুনরুদ্ধার ক্রমশ চ্যালেঞ্জপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে।
যাত্রীদের মধ্যে রয়েছেন ব্রিটিশ-পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান। আরো আছেন ব্রিটিশ ব্যবসায়ী ও অভিযাত্রী হ্যামিশ হার্ডিং, ফরাসি অভিযাত্রী পল হেনরি নার্গেওলে এবং শেনগেটের প্রধান নির্বাহী স্টকটন রাশও।
মধ্য আটলান্টিক মহাসাগরের তিন হাজার ৮০০ মিটার বা সাড়ে ১২ হাজার ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিল অভিযাত্রিক দল।










