গাজায় ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক
মানুষের মৃত্যু নিয়ে পশ্চিমা নেতাদের প্রতিক্রিয়ার নিন্দা জানিয়েছেন জর্ডানের রানি
রানিয়া আল আবদুল্লাহ। তিনি বলেন, পশ্চিমা নেতারা এ ক্ষেত্রে দ্বৈতনীতি দেখাচ্ছে। খবর
সিএনএন।
এক সাক্ষাৎকারে রানিয়া দাবি করেন, জর্ডানসহ
মধ্যপ্রাচ্যের নাগরিকরা এ বিপর্যয়ে বিশ্ববাসীর প্রতিক্রিয়া দেখে হতবাক ও হতাশ। গত কয়েক
সপ্তাহে তারা বিশ্বের একটি দুমুখো চেহারা দেখেছে।
তিনি জানান, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের
হামলার পর বিশ্ব ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং এ হামলার নিন্দা করে। কিন্তু গত কয়েক সপ্তাহে
গাজায় ইসরায়েলি হামলায় নীরবতা পালন করছে।
হামাসের গত ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েল
গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছে। ওই হামলায় এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত ও ২০০ জনকে
জিম্মি করা হয়। অন্যদিকে গাজায় নিহত হয়েছে প্রায় ছয় হাজার ফিলিস্তিনি।
রানী রানিয়া বলেন, আধুনিক ইতিহাসে এ প্রথম
এমন মানবিক দুর্ভোগে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না বিশ্ব ।
জাতিসংঘ ও বেশ কয়েকটি সাহায্য সংস্থা
অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছে।
গাজায় কর্মরত চিকিৎসকরা এরই মধ্যে সতর্ক করেছেন যে বিদ্যুতের ঘাটতি আশঙ্কাজনক রোগীদের
জীবনকে হুমকির মুখে ফেলেছে। যার মধ্যে রয়েছেন নবজাতক ও গুরুতর আহত ফিলিস্তিনিরা।









